পিরোজপুরের ইন্দুরকানীতে স্মার্টফোন কিনে না দেয়ায় মার্জিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তিনি নিজের রুমের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।
শনিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা এ ঘটনা ঘটে। মার্জিয়া আবুল কালামের মেয়ে এবং সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আ: রশিদ চৌকিদার জানান, ওই এসএসসি পরীক্ষার্থী মা-বাবার কাছে কয়েক দিন আগে একটি ভালো মোবাইল ফোনসেট চেয়েছিল। মোবাইল সেট না দেয়ায় অভিমানে সিলিং ফ্যানের সাথে ঝুলে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মো: ফরিদ আহম্মেদ জানান, একটি স্মার্ট মোবাইল ফোনের জন্য স্কুলছাত্রী ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার লাশ উদ্ধার করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








