নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল টঙ্গী মহাসড়ক থেকে দু’কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘোড়াশাল টঙ্গী মহাসড়কের ভাগদী কদমতলা থেকে লাশগুলো উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত একজনের বয়স ১২ আরেকজনের বয়স ১৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম।
পুলিশ জানায়, সড়কে লাশগুলো পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, লাশগুলোর পাশে সড়কে পড়ে থাকা একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা দু’জন বাইসাইকেলে সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় গাড়িচাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।








