দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের টাংকির ঘাট এলাকায় ডাকাতদের নদীতে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযানে নামে কোস্ট গার্ড হাতিয়া।

শুক্রবার ভোরে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে কোস্ট গার্ডও পাল্টা গুলি ছোড়ে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন ডাকাতকে আটক করা হয়।

আটক তিন ডাকাত হলো লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চর দরবেশ গ্রামের মৃত মো: শাহ আলমের ছেলে মো: আব্দুর রবসহ (৫৫), আরো দু’জন হলো একই এলাকার আব্দুর রহিম (৩০) ও মো: রবিন (২৪)।

এ সময় ডাকাতদের আস্তানা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় তৈরি বটি দাসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযান চালিয়ে এসব জলদস্যুদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানে কোস্ট গার্ড আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড গুলি করে। ডাকাতদের আস্তানা থেকে একটি পিস্তল, দু’টি বন্দুক, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক (সাউন্ড গ্রেনেট) ও পাঁচটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, আটক ডাকাতদের অস্ত্রসহ হাতিয়া থানায় সৌপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোস্ট গার্ড অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা করবে।