পাবনার ফরিদপুর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার বিলচন্দক গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তার স্ত্রী লাইলী আক্তার (১৯)।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের বাড়ি চাঁদপুরে। তারা গার্মেন্টসে চাকরি করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই থাকতেন তারা। দুপুরে খাওয়ার পর স্বামী-স্ত্রী তাদের ঘরে যায়। এরপর অনেক সময় তাদের সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে আটকানো। পরে ধাক্কাধাক্কি করে দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পান তারা দু’জনই ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলছে। পরে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছেন বিষয়টি এখনো নিশ্চিত নয়। তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।