বগুড়ার শাজাহানপুরে যুবকের কিল-ঘুষিতে রমজান আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় ভাবে মীমাংসা করে দাফনের চেষ্টা করলে পুলিশ তা করতে দেয়নি। পরে লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী শাজাহানপুর থানার পোয়ালগাছা দক্ষিণপাড়া গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে বৃদ্ধ রমজান আলী তার জমি দেখতে যান। সেখানে একই এলাকার শিবলু (৩৫) নামের যুবকের সাথে জমি নিয়ে বিরোধের জেরে তর্ক-বিতর্ক হয়। এ সময় রমজান আলীকে শিবলু কিল-ঘুষি দেয়। রমজান আলী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে এসে স্থানীয়ভাবে মীমাংসা করে দাফনের প্রস্তুতি নেয়া হয়।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, নিহতের ছেলে পুলিশকে জানায়-তার বাবা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কিন্তু গ্রামের লোকজন প্রকৃত ঘটনা বলায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে শিবলু পলাতক রয়েছেন।








