প্রেম করে বিয়ের দুই মাস যেতে না যেতেই আত্মহত্যা করেছেন স্বামী আর তা দেখে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। তবে পরিবারের লোকজন দ্রুত বিষয়টি দেখে ফেলায় জীবনে বেঁচে যান সেই নববধূ।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে।
ওই গ্রামের আতিকুর রহমান রকি (২২) শনিবার ভোরে বিষপান করে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
জানা যায়, দুই মাস আগে রকি প্রেম করে বিয়ে করেন আরিফা নামে এক নারীকে। এর পর থেকেই তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে স্ত্রীর উপর অভিমান করে বাড়ির পাশে গিয়ে ঘাস নিধনের বিষ পান করে বাড়িতে এলে রকির বমি হয়। পরে পরিবারের লোকজন বিষের গন্ধ পেয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বিষপানের কথা স্বীকার করেন।
স্বামী তার উপর অভিমান করে বিষপান করায় স্ত্রী আরিফাও ঘরের ভিতর গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার করার চেষ্টা করেন। লোকজন টের পেয়ে আরিফাকে উদ্ধার করে। এবং আত্মীয়-স্বজনরা রকিকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
রকির অবস্থা অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে অবস্থা গুরুতর হলে শনিবার ভোরে ঢাকায় নেয়ার পথে রাস্তায় মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।








