খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে খল কুমার ত্রিপুরা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য ছিলেন বলে জানায় এলাকাবাসী। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ত্রিপুরা সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মরাটিলা দোকানের পাশের রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় পানছড়ি বাজারের দিক থেকে ১০ থেকে ১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।








