মুন্সীগঞ্জের সিরাজদিখানে আব্দুল হালিম (৪০) নামের এক ব্যক্তি পোষাক তৈরির (কারখানা) ঘরের আড়ার সাথে কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
আব্দুল হালিম উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের মৃত ইসমাঈল মাস্টারে ছেলে। তিনি বালুচর বাজার বস্ত্র মালিক সমিতির সভাপতি মোলকে আলমের স্বর্ণালী ড্রেস মেকার নামের পোষাক তৈরির কারখানায় দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন।
সিরাজদিখান থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন জানান, কারখানার মালিক মোলকে আলম সকাল ৯টার দিকে এ বিষয়ে আমাকে জানালে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি আব্দুল হালিম কারখানায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি সাথে সাথেই সিরাজদিখান থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।








