রাঙ্গামাটির বরকলে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। রাঙ্গামাটি সদর জোন শনিবার ভোরে ছোট কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- অন্নাসং চাকমা (৪৫), সায়মন চাকমা (৪০), সুরেন চাকমা (৩৬) ও অনিল চাকমা (১৯)।

এ সময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড অ্যামুনিশন, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি (সদর) জোনের অধিনায়ক লে. কর্ণেল আমিনুল ইসলাম (পিএসসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের উক্ত সন্ত্রাসীদের আটক করা হয়েছে।

তিনি বলেন, উক্ত অভিযানটি পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে তিনি আশা করেন।