কুমিল্লায় ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে সোমাইয়া আক্তার নামে এক মাদরাসাছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমাইয়া আক্তার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ আবদুল ওয়াদুদ সরকার ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ও নবীয়াবাদ গ্রামের গোলাম ছান্দানীর মেয়ে।

সোমাইয়া আক্তারের মা রিনা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে সোমাইয়া আক্তার (১৫) বাড়ির পাশে কালভার্টের ওপর দু’জন ছেলের সাথে কথা বলছিলেন। এ সময় নবীয়াবাদ গ্রামের পাঁচ থেকে ছয়জন বখাটে তাদেরকে কথা বলতে দেখে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানাভাবে অপমান করে। এমন অপমান সইতে না পেরে মঙ্গলবার বিকেলে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান সোমাইয়া আক্তারের মা রিনা আক্তার।

বুধবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার অফিনার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি জেনেছি। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সোমাইয়া আক্তারের ময়নাতদন্ত হয়েছে। লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হবে বলে জেনেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।