গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে পোষাক কারখানা মালিক ডিবিএল গ্রুপের চেয়ারম্যান বাবুলের এপিএস তরিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে পাঠায় কালিয়াকৈর থানা পুলিশ।

ধর্ষণের মামলার পর দীর্ঘ সময় ধরে পলাতক থাকা সবুজকে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম সবুজ (৪৫) গাজীপুর মহানগরের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকার মৃত: মাহাবুবুল খালিকের ছেলে।

কালিয়াকৈর থানার পরিদর্শক(অপারেশন) পারভেজ আহমেদ সেলিম জানায়, এক তরুণীর সাথে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান বাবুলের এপিএস তরিকুল ইসলাম সবুজের সম্পর্ক সৃষ্টি হয়। এ সুযোগে গত ৪ মার্চ দুপুর দেড়টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি তরুণীকে কালিয়াকৈর উপজেলার তালতলীতে আনন্দ পার্কের রেস্টহাউজে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে সবুজ। পরে তিনি ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় ওই তরুণী তরিকুল ইসলাম সবুজের নামে গত ১২ জুন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো: আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।