ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের পাঁচ দিন পর ফজলুল করিম (২০) নামে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে (২৬) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে র্যাবের সহায়তায় সদর মডেল থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ফজলুল করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই সময় অপহরণকারী তৌসিফ মাহবুবকেও গ্রেফতার করা হয়।
পরে শুক্রবার (২৭ জুন) সকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে আসা হয়।
উদ্ধার ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম এ কাইয়ুম মিয়ার ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরে ভাড়া থাকেন এবং স্থানীয় সিরাজিয়া দারুল উলুম মাদরাসার ছাত্র।
অপহরণকারী তৌসিফ মাহবুব নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো: মিজানের ছেলে।
ফজলুল করিমের পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুন (রোববার) সন্ধ্যায় মাদরাসা থেকে বাসায় ফেরার পথে ভাদুঘর এলাকা থেকে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার বাবার মোবাইলের ইমো আইডিতে যোগাযোগ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে। একইসাথে টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকিও দেন।
ঘটনায় ফজলুল করিমের বাবা এম এ কাইয়ুম প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৫ জুন অপহরণ মামলা করেন। মামলায় পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, ‘বাবার অসুস্থতার কথা বলে ফজলুল করিমকে কৌশলে নিয়ে গিয়ে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছি। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’








