রবিউল ইসলাম, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১ জন ভাড়াটিয়া কিলারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে প্রাথমিক জবাবদিহিতে আটক ব্যক্তিরা বিভিন্ন স্থানে ভাড়ায় হত্যার জন্য চুক্তিতে কাজ করেন বলে স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।
জানা যায়, আটক ব্যক্তিরা জব্দ মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০) নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। পরে তাদের গাড়িতে তল্লাশি করে ৪টি ৭.৬২ মিলিমিটার চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কাউসার আলী (৪৩), মো: মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো: খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো: ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।
তাদের সবার বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটক ব্যক্তিরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। হয়ত তাদের বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।’








