যশোরের চৌগাছায় ভাড়া করা হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর ডা: মুজাহিদ। বিয়ে শেষে হেলিকপ্টারেই কনেকে নিয়ে যান নিজের বাড়িতে।
বরের হেলিকপ্টার ওঠানামা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, শুক্রবার দুপরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিকের নাতনি এবং উপজেলার পাতিবিলা গ্রামের ঠিকাদার রফিকুল ইসলামের মেয়ে তাসমিয়া খাতুনের বিয়ে অনুষ্ঠিত হয়।
বর ডা: মুজাহিদ আদ্ দ্বীন-সখিনা মেডিক্যাল কলেজের সিনিয়র কর্মকর্তা। বর আসবেন হেলিকপ্টারে এই সংবাদে স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিড় করেন স্থানীয়রা। স্থানীয়দের অপক্ষোর প্রহর শেষে দুপুরে একটি ভাড়া করা হেলিকপ্টারে বর এসে নামেন।
এদিকে হেলিকপ্টারে বর আসবেন, দেখতে জনতার ভিড় হবে এই সংবাদে জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নূর উন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল বেলা সাড়ে ১১টা থেকে বিদ্যালয় মাঠে অবস্থান নেন। পরে উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াসহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সাথে যোগ দেন।
হেলিকপ্টারটি বিদ্যালয়ের মাঠে অবতরণ করার সাথে সাথে উৎসুক জনতা সেদিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ ব্যরিকেট তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
উপ-পরিদর্শক (এসআই) নূর উন নবী বলেন, হেলিকপ্টারে বর আসবেন, উৎসুক জনতার ভিড় হতে পারে। এজন্য ওসি স্যারের নির্দেশে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। গ্রামের মানুষ হেলিকপ্টারে বর আসা দেখতে এসেছে। তবে স্কুল মাঠে কোনো বিশৃঙ্খলা হয়নি।








