কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে সেজান (২০) নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার কম্পাউডে এই খুনের ঘটনা ঘটে।

নিহত সেজানের মা জানান, তিনি তার ছেলে সেজানকে নিয়ে শহরের জাদিরাম পাহাড় এলাকায় বসবাস করেন। সোমবার সকালে সেজানকে কয়েকজন কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এর আগের রাতে খুনীদের সাথে তার ছেলে সেজানের তর্ক হয়েছিল বলেও জানান সেজানের মা। তিনি বেলা ১২টার দিকে তার ছেলে সেজানকে খুন করার খবর পান।

সেজানকে উদ্ধারকারী খোরশেদ আলম সাংবাদিকদের জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় তারা গেইম খেলার সময় এই খুনের ঘটনা সংঘটিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার ক্লু উদঘাটন, খুনীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে সেজানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।