করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এদের মধ্যে করোনা সংক্রমণে চারজন ও উপসর্গে দু’জন মারা গেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা মাত্র একজন কমেছে। তবে দীর্ঘ তিন মাস পর এটাই সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন, নাটোরের দু’জন ও নওগাঁর একজন করে রোগী আছেন।

রোগী ভর্তির বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন আর সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৯৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৪১৮ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন।

করোনা পরীক্ষার বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪৬ নমুনা পরীক্ষায় ২৮ জনের ও রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৫৫৩ নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।