সাভারের পৌর এলাকায় নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রুমা আক্তার (৩০)। তিনি ওই এলাকার প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময় সিঙ্গাপুর প্রবাসী মোবারফ হোসেনের স্ত্রী রুমা আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার ঘর থেকে স্বর্ণালঙ্কার লুটপাট করে পালিয়ে যায় তারা। সকালে নিজ বাড়ির একটি ঘরে রক্তাক্ত লাশ দেখে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ। নিহত ওই নারী তার নিজের টিনসেড বাড়িতে একাই থাকতেন। কিভাবে ওই নারী খুন হয়েছে বাড়ির ভাড়াটিয়াও জানতে পারেনি। দুর্বৃত্তরা রাতে ওই নারীর বাসায় কিছু ফল ও খাবার নিয়ে আসে। ফল ও খাবারগুলো কে খেয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) শিউলি খানম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।








