রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও করোনা উপসর্গে চারজন মারা গেছেন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা আবার কিছুটা কমেছে।

রামেক হাসপাতাল পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত পাঁচজনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নওগাঁর একজন রোগী ছিলেন। এছাড়া একই সময়ে রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪০ জন।