নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে করতে গিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ দম্পতিরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর আত্রাই নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসল করতে নামেন। এ সময় আত্রাই নদীতে প্রবল স্রোত থাকায় পানিতে নামার কিছু পরেই তারা নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নানাভাবে খোঁজ করে ও তাদের কোনো সন্ধান পাননি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় স্থানীয়রা।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। বিকেল ৫টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ আত্রাই নদীতে স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পাওয়ায় নদী থেকে ডুবুরিরা উঠে এসেছেন। আগামীকাল সকালে আবারো উদ্ধার কাজ শুরু করবেন বলেও জানান তিনি।








