ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্বামীর সাথে অভিমান করে সাধনা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

সাধনা ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাউল্লা গ্রামের মক্কু মিয়ার ছেলে আজিজুলের সাথে পারিবারিকভাবে পাশের ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের মকসুদ আলীর মেয়ে সাধনার বিয়ে হয়। সোমবার সকালে স্ত্রী সাধনার সাথে আজিজুলের ঝগড়া হয়। তবে কী নিয়ে ঝগড়া হয়েছে, সেটি স্পষ্ট করে জানা যায়নি। পরে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাধনা।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, স্বামীর সাথে ঝগড়ার পর গৃহবধূ সাধনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।