দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম চার দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। গত বৃহস্পতিবার এখানে পাইকারী বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও সোমবার তা বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে।

সম্প্রতি বন্যার কারণে ভারতের লোডিং পয়েন্টগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া এবং দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আলহাজ্ব শহিদুল ইসলাম জানান, আসন্ন দুর্গাপূজার ছুটির কারণে বন্দরে টানা চার থেকে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। একারণে পাইকারী ব্যবসায়ীরাও আগে থেকে অতিরিক্ত পেঁয়াজ কিনে মজুদ করে রাখছেন। একদিকে ভারতের লোডিং পয়েন্টগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ না থাকা অন্যদিকে দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম হঠাৎ করেই বেড়ে গেছে।

পেঁয়াজের বাজার হঠাৎ করে বেড়ে যাওয়াকে ক্ষণস্থায়ী বলছেন বন্দরের আমদানিকারকরা। আমদানিকারক নূর আলম বাবু জানান, পূজার ছুটির পর দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাবে। সরবরাহ বাড়লে পেঁয়াজের দাম ৪০ থেকে ৩৮ টাকায় নেমে আসবে। তিনি জানান, বর্তমানে হিলি দিয়ে ভারত থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

এদিকে পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেচা-কেনা নিয়ে বিপাকে পড়েছেন খোলা বাজারের খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়া তাদের বেচা-কেনাও অনেক কমে গেছে।