সিরাজগঞ্জে নাশকতার ১২ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। আদালত ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো আদেশ দেয়।

গত ৫ সেপ্টেম্বর নাশকতার মামলায় মাওলানা রফিকুল ইসলাম খানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ।

এর আগে সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলখানা থেকে মাওলানা রফিকুল ইসলাম খানকে কোর্ট হাজতখানায় আনা হয়।

নিজ জেলার কোর্টে মাওলানা রফিকুল ইসলাম খানকে দেখার জন্য শ’ খানেক নেতাকর্মী আদালত চত্বরে জমা হন বলে জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম জানিয়েছেন।

শুনানি শেষে গাড়িতে ওঠানোর আগে পুলিশ প্রহরায় নেতাকর্মীদের হাত উঁচিয়ে অভিবাদন জানান রফিকুল ইসলাম খান।

মাওলানা রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে কারাগারো পাঠানো হয়েছে।