কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় রশির ফাঁস দিয়ে আব্দুল জব্বার (৭০) নামে এক মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন।
মঙ্গলবার ফজরের নামাজের পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি স্কুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আবু মুসা জানান, কয়েক দিন থেকে আব্দুল জব্বারের মাথায় সমস্যা দেখা দিয়েছে। মাথায় যন্ত্রণা হওয়ায় তিনি মাঝে মাঝে ছটফট করতেন। এ অবস্থায় মঙ্গলবার ফজরের নামাজের পর সকলের অজান্তে বাড়ির পাশের পরিত্যক্ত স্কুলঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সকাল ৯টার দিকে স্কুলের পাশ দিয়ে যাওয়া লোকজন লাশ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








