রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল (সংশোধিত) পুনরায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর বাবুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। তবে প্রকাশিত ফলে অসঙ্গতি দেখা দেয়ায় মঙ্গলবার সকালে ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেয়া হয়েছে। সেইসাথে সংশোধিত ফল পুনরায় প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.ru.ac.bd) প্রবেশ করে ফলাফল পুনরায় দেখতে পাবে।

জানা গেছে, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন। পরে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ছিল অনেক গরমিল। অবাণিজ্য থেকে গ্রুপ-২-এ যারা পরীক্ষা দিয়েছে, সেখানে একটা সমস্যা হয়েছে। সেখানে অনেককে পাস, ফেল এবং গ্রুপ-২ এর ১ হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসাথে অনুপস্থিত দেখানো হয়।

এদিকে, ‘বি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে পারবে। কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ‘বি’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ন্যূনতম ৪০ পেয়েছে, তারা আগামী ১৫ থেকে ১৯ অক্টোবরের মধ্যে বিভাগ পছন্দের অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবে।

পছন্দক্রম পূরণ করা প্রার্থীদের মেধা ক্রমানুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম নির্বাচন তালিকা নির্বাচিতদের আগামী ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে সাক্ষাতকার গ্রহণ করা হবে। ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হবে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির তালিকা
বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।