মালয়েশিয়া বাংলাদেশে পামঅয়েল রপ্তানি বহুমুখীকরণ এবং পামঅয়েলের মূল্যসংযোজন সংক্রান্ত শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। গত মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার ও মালয়েশিয়ার প্লান্টেশন, ইন্ডাস্ট্রিজ ও কমোডিটি মিনিস্টার দাতুক হাজাহ জুরাইদা কামারউদ্দিনের সাথে পুত্রজায়াতে সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ার মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার বিকেলে মালয়েশিয়াস্থ কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে কাউন্সিলর (রাজনৈতিক) মো: রাজিবুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী কামারউদ্দিন আরো বলেন, মালয়েশিয়ার পামওয়েল সেক্টরের বিকাশে বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
হাইকমিশনার মো: গোলাম সারোয়ার মালয়েশিয়ার মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। মালয়েশিয়ার প্লান্টেশন, ইন্ডাস্ট্রিজ ও কমোডিটি মিনিস্টার দাতুক হাজাহ জুরাইদা কামারউদ্দিন এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন বলে হাইকমিশনারকে আশ্বস্ত করেন।
এ ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার ও মালয়েশিয়ার প্লান্টেশন, ইন্ডাস্ট্রিজ ও কমোডিটি মিনিস্টার দাতুক হাজাহ জুরাইদা কামারউদ্দিন নারীর ক্ষমতায়ন, মালয়শিয়ায় প্লান্টেশন সেক্টরে নিয়োজিত বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, দু’দেশের মধ্যে হালাল বাণিজ্য সম্প্রসারণ এবং মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের নেগোসিয়েশন শুরু করা বিষয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো: হেদায়েতুল ইসলাম মণ্ডল, কাউন্সিলর (বাণিজ্যিক) মো: রাজিবুল আহসান, কাউন্সিলর (রাজনৈতিক) রুহুল আমিন এবং মালয়েশিয়ার মিনিস্ট্রি অব প্লান্টেশন, ইন্ডাস্ট্রিজ ও কমোডিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











