রংপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক কর্তৃক স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ স্ত্রী শিউলিকে আটক করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নগরীর কলেজ পাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে রংমিস্ত্রী রমজান আলীর স্ত্রী শিউলীর সাথে পার্শ্ববর্তী ছাত্রাবাসে একটি ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রাবাসে রান্নার কাজ করতেন শিউলি। এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তারপরেও শিউলি ওই ছাত্রাবাসে রান্নার কাজ ছেড়ে দেননি।
এক পর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রাবাসের পরকীয়া প্রেমিকসহ ১০-১২ জন শিউলির সহায়তায় রমজান আলীকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় রমজান আলীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, এ ঘটনায় স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহভাজন ওই ছাত্রাবাসের শিক্ষার্থীসহ অন্যরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।








