ভারত থেকে আসা ট্রাকে আর যাতে তেল পাচার না হতে পারে তার জন্য সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত দিয়ে তেল পাচার প্রতিরোধে বিজিবির সতর্কতার অংশ হিসেবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে ট্রাকের তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করছে এবং ওই গাড়ি যাওয়ার সময় আবারো পরিমাপ করা হচ্ছে।

হাবিলদার আব্দুল কুদ্দুস জানান, ট্রাক ভারত থেকে আসার সময় যে তেল ছিল তা আমরা লিখে রেখেছি। আবার যাওয়ার পথে ওই ট্রাক আবারো পরিমাপ করা হচ্ছে। যদি আসার সময় যে তেল বহন করে বাংলাদেশে প্রবেশ করেছিল তার চেয়ে বেশী পাওয়া যায় তাহলে তার ব্যবস্থা নেয়া হচ্ছে। এরকম পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এখনো এমন কিছু পাওয়া যায়নি।

ভারতীয় ট্রাকড্রাইভার শহিদুল্লাহ মন্ডল বলেন, আমরা ভারত থেকে যে তেল নিয়ে আসি তাতে হয়ে যায়। তবে কোনো কারণে যদি কম পড়ে যায় তাহলে হয়ত ১০ লিটারের মতো তেল সংগ্রহ করি কারোর মাধ্যেমে। আর সংগ্রহ করতে না পারলে আমরা বিএসএফকে বলে ওপার থেকে তেল নিয়ে আসি।

বেনাপোল সীমান্তের একটি সূত্র জানায়, ওপারে তেলের দাম বেশি হওয়ায় ভারতীয় ট্রাক ড্রাইভাররা গাড়িতে করে তেল পাচার করতে পারে। একটি ১০ চাকার গাড়িতে তেল ধরে ৪৫০ লিটার। প্রতিদিন বাংলাদেশে প্রায় চার শ’ ট্রাক প্রবেশ করে। এর মধ্যে ৮০ শতাংশ ট্রাকড্রাইভাররা এদেশের কিছু অসাধু লোকের যোগ সাজসে তেল নিয়ে ভারতে প্রবেশ করত। বর্তমানে বিজিবি তেল পাচার প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকায় এসব ট্রাকড্রাইভাররা এখন তেল নিয়ে যেতে না পারছে না।

৪৯ বিজিবি সিও লে. কর্নেল সেলুম রেজা বলেন, সীমান্ত দিয়ে যাতে ভারতে তেল পাচার হতে না পারে তার জন্য বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারিও চলছে। আর আমরা আমদানিকৃত গেটে এবং ট্রাক বের হওয়ার গেটে তেলের পরিমাপ করছি। অতিরিক্ত তেল নিয়ে কোনো ট্রাককে এখনো ভারতে প্রবেশ করতে দেখি নাই। আমরা প্রতিটি ট্রাকে তেল পরিমাপ করে যাওয়ার পথে আমাদের পুর্বের সিটের সাথে মিলিয়ে দেখছি। তাতে করে প্রতিটি ট্রাকে দুই থেকে পাঁচ লিটার করে কমই পাচ্ছি।