পিরোজপুরের কাউখালীতে চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সহিংসতায় নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ ৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান, মামুন মোড়ল ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, এনায়েত সরদার, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন ও মাইনুল ইসলাম হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সাইকেল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা তাদের নির্বাচনী সভা শেষে ফেরার পথে চিরাপাড়া টেম্পু স্ট্যান্ডে এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইকেল প্রতীকের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মাহামুদ খান খোকব বলেন, আমি নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে অফিসে মতবিনিময়সভা করছিলাম। সাইকেল প্রতীকের সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং অফিসে প্রধানমন্ত্রীর ছবি ও টিভিসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। হামলায় আমার বড় ভাইসহ ৭ জন আহত হয়েছে।

এ ব্যাপারে সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু জানান, ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বনি আমীন জানান, নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন থানায় মামলা দায়ের করেছেন এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।