নাটোরের সিংড়ায় অ্যাম্বুলেন্স, ট্রাক্টর ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলচালক রনি আহমেদ (২৫) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক সিংড়া উপজেলার নিংগইন ভাটোপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী আহত হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে রাজকুমার মায়া নামের এক বৃদ্ধের লাশ নিয়ে ঈশ্বরদী ফিরছিলেন তার স্বজনরা। পথে মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন হাইটেক পার্ক এলাকায় অপর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল এর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতের লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।