গাজীপুরে একটি পোশাক কারখানায় ইন্টারভিউ দিয়ে চাকরি না পেয়ে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত চাকরিপ্রার্থী সুমন দেবনাথ (২১) স্থানীয় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার হরিলাল দেবনাথের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান ও স্থানীয়রা জানান, সুমন মঙ্গলবার গাজীপুর জেলার খলাপাড়া গ্রামের এ্যামিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) নামের একটি পোশাক কারখানায় সকাল সাড়ে ৮টার দিকে প্রবেশ করে। দুপুরের পর সে চাকরির জন্য ইন্টারভিউতে অংশ নেয়। ইন্টারভিউ শেষে কাগজপত্র তিন তলায় রেখে বিকেল ৪টার দিকে সে ওই ফ্যাক্টরির ৫ম তলা থেকে লাফিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হরিলাল দেবনাথ জানান, সুমন পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় চাকরি করতো। এর আগেও সে এ্যামিগো বাংলাদেশ লিমিটেড (এবিএল) নামের ওই কারখানায় ইন্টারভিউ দিয়েছিল। সে সময় তার চাকরি হয়নি। পরে গত দু’দিন আগে তাকে আবারো ইন্টারভিউ দেয়ার জন্য ফোনে ডাকা হয়। তাই ইন্টারভিউ দেয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সে বাড়ি থেকে বের হয়। বিকেলে খবর পাই সুমন ওই ফ্যাক্টরির পাঁচ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: ইউনুস কবির জানান, বিকেলে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সে সময় তার হাত-পা ভাঙ্গা অবস্থায় ছিল।

পুলিশের ধারণা, ইন্টারভিউতে অকৃতকার্য হয়ে হতাশায় সুমন আত্মহত্যা করে থাকতে পারে।