নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী স্লোগান নির্ধারণ করা হয়েছে। এবারের স্লোগান হলো ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তন প্রাঙ্গনে ১৪ দলের সভায় ওই স্লোগান উন্মোচন করা হয়।

আইভী বলেন, ‘২০১১ সালে আমি যখন মেয়র প্রার্থী হই তখন এই ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দেন ও আমার পক্ষে কাজ করেন। তখন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান ও স্লোগান দিয়েছিলাম ‘নয় শঙ্কা নয় ভয় শহর হবে শান্তিময়’। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ান নিয়ে কাজ করে যাচ্ছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খাল সহ অনেক কিছুই করছি। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারো উন্নয়নের সুযোগ দিবেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি ১৪ দলের সমন্বয়ক।