নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দলীয় নেতাকর্মীদের সংঘাত পরিহার করে শেখ হাসিনার আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ও নৌকার আওয়ামী লীগ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের দেওভোগের শেখ রাসেল পার্কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে এই আহ্বান জানান তিনি।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আওয়ামী লীগের জন্মের সাথে নারায়ণগঞ্জের অনেকে সম্পৃক্ত ছিলেন। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় এ কে এম সামসুজ্জোহা কাকাকে, যার কথা না বললে নয় সেই আলী আহম্মেদ চুনকাকে। তিনি ১৯৭৫ সালের পরে নানা রকম দুর্যোগ মুহূর্তে আওয়ামী লীগকে ধরে রেখেছেন ও নেতৃত্ব দিয়েছেন। এ কে এম সামসুজ্জোহা কাকা ও আলী আহম্মেদ চুনকা এক সাথে মিলে মিশে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা ছিল। কিন্তু সংঘাতময় রাজনীতি তারা করেন নাই।’

ব্ক্তব্যে তিনি বলেন, ’আমি আহ্বান জানাবো বর্তমান সকলে সংঘাত পরিহার করে আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ করবো, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, আমরা নৌকার আওয়ামী লীগ করবো। কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো চাচার আওয়ামী লীগ করবো না। আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা, আমাদের শেষ ঠিকানা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

মেয়র প্রার্থী আইভী বলেন, ‘এই শেখ রাসেল পার্ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আমি করে দিয়েছিলাম। প্রথম জনসেবা এখানে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এবং বঙ্গবন্ধুর উদ্দেশ্যে হয়েছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সুতিকাগাকার। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ গঠিত হয়েছিলো।’

আইভী বলেন, ‘আমি ২০১১ সালে নির্বাচন করেছি। আবার ২০১৬ সালে নৌকার প্রতীকে জয়ী হয়েছি। এবারো আপনাদের সামনে হাজির হয়েছি, আমাকে দোয়া করবেন যেন নৌকার মান সম্মান রাখতে পারি। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কোনো ষড়যন্ত্রের দিকে যেন আমরা পা না দেই। সকল বাধা অতিক্রম করে ১৬ জানুয়ারি আমরা নেত্রীকে নৌকা উপহার দেব এই হলো আমাদের আজকের অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আপনারা জানেন নিশ্চয়ই, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে ১০৬ নাম্বার পেইজে বলা আছে, তারা এই সভাটি বায়তুল আমানে করার কথা ছিলো কিন্তু তখন ১৪৪ ধারা জারি থাকায় তারা করতে পারে নাই। তখন কেন্দ্রীয় নেতারা চলে যাচ্ছিলেন। তখন স্থানীয় নেতৃবৃন্দ তাদের বলেছিলেন আপনারা যাবেন না, এই সভাটি পাইকপাড়াতে করা হোক। পরে পাইকপাড়ার মিউচুয়াল ক্লাবে আওয়ামী লীগের প্রথম সভা হয় যার আত্মপ্রকাশ হয়েছিলো রোজ গার্ডেনে। তাই নারায়ণগঞ্জবাসী দাবি করে আওয়ামী লীগের জম্ম এই নারায়ণগঞ্জে। আওয়ামী লীগের ঘাটি এই নারায়ণগঞ্জে।’

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নাসিক নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জাহাঙ্গীর কবির নানক। সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, বাহাউদ্দিন নাসিম, এবি এম মোজাম্মেল, আহমদ হোসেন, মির্জা আজম এমপি, এস এম কামাল, মৃণাল কান্তি দাস এমপি, বাবু সুজিত রায় নন্দি, নজরুল ইসলাম বাবু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ভিপি বাদল। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।