বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর-কাথুলি সড়কের কাথুলি বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছিল ১৫টি। বেগম খালেদা জিয়ার নামে হয়েছিল ৪টি মামলা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর ক্ষমতার বলে তার সব মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। আর খালেদা জিয়ার চারটি মামলাকে ৩৬টি বানানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে এখন নতুন নাটক চলছে। এর আগে নাটক করে দুইটি কমিশন করেছেন। একটি রকিব কমিশন আর একটি হুদা কমিশন। রকিব কমিশন বিনা নির্বাচনে ১৫৪ আসন দিয়েছেন আর হুদা কমিশন দিনের ভোট রাতে দিয়েছেন।’
যুগ্ম মহাসচিব এমপি হারুনুর রশিদ বলেন, ‘সংকটের সমাধান চাইলে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সাথে সংলাপে বসতে হবে। গৃহপালিত দলের সাথে নাটকীয় সংলাপ করে লাভ হবে না।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা বিএনপি ও অন্য বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।








