রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে মহানগর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আ’লীগের সভাপতিমণ্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এতে অন্যদের মধ্যে মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বিকেলে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়ানো হয়।

পরে রাজশাহী কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আ’লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং আ’লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা।

অন্যদের মধ্যে জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। সভা পরিচালনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।