পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়া জেলায় নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত জেলার আদমদীঘি, দুপচাঁচিয়া, গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৯টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এর মধ্যে কয়েকটির ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। একই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছে বিএনপি ৬টিতে, জামায়াত ৩টিতে এবং অন্যরা ৪টিতে।

দুপচাঁচিয়ার ৫টিতেই হেরেছে নৌকা
দুপচাঁচিয়া উপজেলার পাঁচ ইউপির চেয়ারম্যান পদে সবগুলোতেই স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এখানকার পাঁচটিতেই নৌকার প্রার্থীরা ধরাশয়ী হয়েছেন। বিজয়ী পাঁচজনের মধ্যে তিনজন বিএনপি, একজন জামায়াত ও একজন নির্দলীয় ব্যক্তি।

বিজয়ীরা হলেন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউনিয়নে পুনরায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শাহজাহান আলী, গুনাহার ইউনিয়নে জামায়াত নেতা নুর মোহাম্মদ আবু তাহের ও জিয়ানগর ইউনিয়নে বিএনপি নেতা আনোয়ার হোসেন ও গোবিন্দপুর ইউনিয়নে নির্দলীয় সাখাওয়াত হোসেন মল্লিক।

বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন।

আদমদীঘিতে আ’লীগ ৪, বিএনপি ১ ও জামায়াত ১
আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে চারটিতে নৌকা, একটিতে বিএনপি নেতা ও একটিতে জামায়াত সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুল হক আবু, নসরতপুর ইউনিয়নে বিএনপি নেতা গোলাম মোস্তফা, আদমদীঘি সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জিল্লুর রহমান, কুন্দুগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শামিম উল ইসলাম, সান্তাহারে নৌকার প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ও চাঁপাপুরে জামায়াত সমর্থক আব্দুস সালাম।

গাবতলীতে নৌকা ৪, বিএনপি ৩ ও স্বতন্ত্র ২
গাবতলী উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৪টিতে, বিএনপি ৩টিতে ও অন্যরা ২টিতে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন- গাবতলী সদর ইউনিয়নে ফারুক আহম্মেদ ফারুক, নাড়ুয়ামালা ইউনিয়নে আব্দুল গফুর, বালিয়াদিঘী ইউনিয়নে ইউনুছ ফকির, দক্ষিণপাড়া ইউনিয়নে রফিকুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বিএনপি নেতারা হলেন, রামেশ্বরপুর ইউনিয়নে আব্দুল ওহাব মন্ডল, মহিষাবান ইউনিয়নে আব্দুল মজিদ মন্ডল ও নশিপুর ইউনিয়নে রাজ্জাকুল আমিন তালুকদার রোকন।

এ ছাড়া স্বতন্ত্র হিসেবে নির্বাচিত দুর্গাহাটা ইউনিয়নে শহীদুল কবীর টনি ও কাগইল ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লা।

শেরপুর
বগুড়া জেলার সবচেয়ে বেশি ভোটারের ইউনিয়ন শেরপুর উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে প্রায় ৩৭ হাজার ভোটারের মধ্যে ২৮ হাজার ৭৬০ জন ভোটার ভোট দিয়েছেন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর মধ্যে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা তবিবর রহমান (চশমা) বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বিএনপি নেতা আশরাফ আলী ভোলা পেয়েছেন ৬ হাজার ১০৩ ভোট ও নৌকা প্রতীকে মোকাব্বর হোসেন ৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

শিবগঞ্জ
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারমান প্রার্থী আহসান হাবিব সবুজ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৯৯০। নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ পেয়েছেন ৪ হাজার ৫৯০ ভোট।