রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ২১৮ কর্মকর্তাকে রদবদলের পর এবার কনস্টেবল পর্যায়ে গণবদলির আদেশ জারি করা হয়েছে। গত ১ জানুয়ারি একযোগে ৬৬৭ জন পুলিশ কনস্টেবলকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়েছে।

বদলি হওয়া কনস্টেবলরা রাজশাহী মহানগর পুলিশের ১২টি থানা ও থানার অধীনে থাকা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

তারা একেকজন নিজ কর্মস্থলে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গত ১ জানুয়ারি তিন দিনের সফরে রাজশাহী এসেছিলেন। সেদিনই এই আদেশ দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। তবে সফর শেষে আইজিপি রাজশাহী থেকে চলে যাওয়ার পর গণবদলদির আদেশের বিষয়টি জানাজানি হয়। এই গণবদলির লিখিত আদেশে সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলদের নতুন কর্মস্থলে যোগ দেয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। তবে বদলিকৃতদের আরএমপির ভেতরেই বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছে। তাই পরবর্তী কর্মস্থলে যোগ দিতে তাদের কোনো সমস্যা হবে না।

আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীতে একই থানা বা পুলিশ ফাঁড়িতে দীর্ঘ সময় ধরে কর্মরত ছিলেন এমন কনস্টেবলদের বদলি করা হয়েছে। মহানগর পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত ২১৮ জন পুলিশ কমকর্তাকে রদবদল করা হয়। পুলিশ উপপরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই), শহর উপপরিদর্শক (টিএসআই) এবং সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) পদে এই রদবদল আনা হয়। এর মধ্যে ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই এবং দুইজন এটিএসআই ছিলেন। তাদের আরএমপির এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে বদলি করা হয়। এরপর একইভাবে ১ জানুয়ারি ৬৬৭ পুলিশ কনস্টেবলকেও এক থানা থেকে অন্য থানা কিংবা পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে।