সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের চাপায় জ্যোতিষ চন্দ্র (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত জ্যোতিষ চন্দ্র দিরাই উপজেলার চানপুর গ্রামের যোগেন্দ্র চন্দ্রের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি সিএনজি শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় পৌঁছা মাত্র সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান। ঘাতক মাইক্রোবাসের চালক গাড়িটি রেখে পালিয়ে যান।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





