সদর উপজেলার শিবরামপুর থেকে ফরিদপুরের ডিবি পুলিশ অনলাইনে ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলার অভিযোগে তিন জুয়ারুকে গ্রেফতার করেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার শিবরামপুরের আছাদুল মোল্যা (৩০), তার ভাই আমিরুল মোল্যা (২৮) ও মুন্সিবাজারের আপেল মিয়া।
ফরিদপুরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা অনলাইনে ক্রিকেট জুয়ার পাকা খেলোয়ার। জানতে পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম মঙ্গলবার রাতে এ অভিযান চালায়। এসময় প্রথমে শিবরামপুরের রিয়াদ টেলিকম থেকে আছাদুল ও আমিরুলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসহ অনলাইন জুয়ার হাজার টাকা উদ্ধার হয়। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী মুন্সিবাজার থেকে আপেল মিয়াকে গ্রেফতার ও একটি মোবাইল ফোনসহ ১৫ হাজার টাকা উদ্ধার হয়।
তিনি জানান, অনলাইনে জুয়া খেলার এ চক্রের সাথে সোহেল শেখ (৩০), জুয়েল (৪০) ও কাওছার মোল্যা (৪৫) নামে আরো তিন সদস্য জড়িত। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ডিবি’র ওসি জানান, পলাতক আসামিরা বিভিন্ন এলাকায় এই অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে এবং গ্রামের সহজ-সরল মানুষদের বেশি লাভের প্রলোভন দেখিয়ে আসক্ত করে। প্রতিদিন ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত তারা মোবাইল ব্যাংকিং চ্যানেলে অবৈধ লেনদেন করে। এ ব্যাপারে এসআই আব্দুর রহিম মোল্যা বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/৩০/৩৫ ধারায় কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।








