নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার কারণে গণধর্ষণের শিকার হয়ে দেশব্যাপী আলোচিত নারী পারুল আক্তার ও তার স্বামীকে আবারো হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়ন পরিষদের মধ্যবাড্ডা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নিজ কেন্দ্রে ভোট দিতে গেলে তাদেরকে এ হুমকি দেয়া হয়। এছাড়া তার মামাতো ভাই ইসমাইলের উপরও হামলা করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী নারীর।
ভুক্তভোগী পারুল আক্তার জানান, বৃহস্পতিবার তিনি ও তার স্বামী সিরাজ উদ্দিন ভোট দেয়ার জন্য ভোটকেন্দ্রে যান। এ সময় ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনের কর্মী ও আত্মীয় মেম্বার প্রার্থী আব্দুল মালেক ও খলিলুর রহমান তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দেন। পরে তিনি বিষয়টি চরজব্বার থানাকে মৌখিকভাবে অবহিত করেন।
ভিকটিমের মামাতো ভাই মো: ইসমাইল জানান, ভোট দেয়ার সময় কেন্দ্রে হুমকিদাতারা তাকে মারধর করে গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং হত্যার হুমকি দেয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজ কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে এলাকার রুহুল আমিন মেম্বারসহ একদল লোক পারুলকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এ ঘটনায় সে সময় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। উক্ত ঘটনার প্রধান আসামি রুহুল আমিন এখনো জেল হাজতে রয়েছেন। বর্তমানে মামলাটি নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
চরজব্বার থানার ওসি জিয়াউল হক বলেন, লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি জেনেছি, ভিকটিমের নিরাপত্তা জোরদার করা হয়েছে।








