যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মণ্ডল (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার সকালে শিশু উন্নয়ন কেন্দ্রে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
জহরুল মণ্ডল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জালাল মণ্ডলের ছেলে। হত্যা মামলার আসামি হয়ে ২০২১ সালে ৩ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসে সে। তার মামলা এখনো চলমান রয়েছে।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে কেন্দ্রে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এর মধ্যেই ওই কিশোর আত্মহত্যা করে।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানান, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠান চলাকালীন সময়ে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রের অন্য কিশোরেরা দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। জহুরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কিশোরের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








