প্রবাসী সংশ্লিষ্ট সময়সাময়িক বিভিন্ন কল্যাণমূলক সংবাদ প্রকাশ করে তাদের ন্যায্যা অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন নয়া দিগন্তের মালয়েশিয়া সংবাদদাতা আশরাফুল মামুন। রোববার বিকেলে রাজধানীর কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় প্রবাসী অধিকার পরিষদ কুয়ালালামপুরের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ব সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রবাসীদের সুবিধা অসুবিধাগুলো গণমাধ্যমে তুলে ধরে সরকারের সুনজরে এনে তাদের পাশে থাকার জন্য মালয়েশিয়ায় বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেছেন বক্তারা। এ সময় প্রবাসীদের কল্যাণমূলক ১০ দফা দাবি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আশরাফুল মামুনের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে বক্তারা আরো বলেন, আশরাফুল মামুন অসুস্থদের চিকিৎসা ব্যবস্থা, বিপদগ্রস্ত প্রবাসী ও প্রবাসে মৃত প্রবাসীদের লাশ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে বিভিন্নভাবে আন্তরিক সহযোগিতা করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশের নিরপেক্ষ এবং জনপ্রিয় দৈনিক নয়া দিগন্ত প্রবাসীদের সংবাদগুলো আগের থেকে আরো অধিক গুরুত্ব সহকারে প্রচার করে প্রবাসীদের পাশে থাকবেন। সংবর্ধিত আশরাফুল মামুন বলেন, বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলাম পাশাপাশি দেশ-বিদেশের সবার কাছে দোয়া চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিক যারা সম্মানিত হয়েছেন তারা হলেন, দৈনিক যুগান্তরের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির, আর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদির, এস এ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস।





