সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলার মাঠে প্রতিপক্ষের হামলায় তারেক আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে পৌরসভার নুরুপাড়া গ্রামে রঙ্গাই বিছরা ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তারেক আহমেদ উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে।

আহতরা হলেন একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (১৯) ও পারভেজ আহমদ (২০)।

জানা যায়, উপজেলার রণকেলী নুরুপাড়া গ্রামে টাইগার ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে রণকেলী নয়াগ্রাম ও রণকেলী নুরুপাড়া গ্রামের দুই টিমের মাধ্যমে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ নিহত তারেক আহমদ, সুফিয়ান আহমদ ও পারভেছ আহমদকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক আহমদকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খেলার মাঠে সংঘর্ষে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।