সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নৌকা প্রার্থীর বিপক্ষে ভোট দেয়ার অভিযোগে নির্বাচিত আওয়ামী সমর্থিত চেয়ারম্যানের সমর্থকরা এক কৃষক ও তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সদ্য সমাপ্ত সপ্তম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রোববার এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপির কাস্তা বাজার এলাকায় ওই বাবা ও মেয়েকে বেধড়ক পিটুনির ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে ভর্তি থাকা ওই কৃষকের মেয়ে তাড়াশ ফাজিল মাদ্রাসার ছাত্রী মোছা: নূরুন্নাহার বলেন, তিনি ও তার বাবা মোটর সাইকেলে করে তাড়াশ উপজেলা সদর থেকে নিজ বাড়ি গুড়মা গ্রামে ফিরছিলেন। পথে কাস্তা বাজারে পৌঁছা মাত্র নবনির্বাচিত নৌকা মার্কার চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিবের সমর্থক কাস্তা গ্রামের বাসিন্দা মো: পাশা (৪০) ও তার ছেলে শাকিল (১৮) মোটর সাইকেল থামিয়ে, নৌকায় ভোট না দেয়ার অপরাধে লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী ওই বাবা ও মেয়েকে উদ্ধার করেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিব বলেন, ঘটনাটি আমি শুনেছি। ওরা বিএনপি করে নির্বাচন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেন, এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।