তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেতের কারণে সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রোববার রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঝড় সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া সতর্কতা সঙ্কেত কেটে গেলে সেন্টমার্টিনে থাকা পর্যটকদের ফেরত আনা হবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী আটটি জাহাজের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।








