বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম সুর্বণা আক্তার। সে মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে ও স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ ঘটনার পরপরই অভিযুক্ত ও তার পরিবার পলাতক রয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ পাঁচ বছর যাবত একই এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে সুর্বণার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এ বিষয়ে সুর্বণার পরিবার ইমনকে বিয়ের চাপ দিলে ইমন বিয়ে করতে রাজি হয় না। এ ঘটনায় অভিমানে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে চার পাতার একটি চিরকুট লিখে সোমবার সকালে সুবর্ণা তার নিজ বাড়িতে বিষপান করে।

পরে সুবর্ণার পরিবার তাকে মুমূর্ষু অবস্থার স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সুর্বণার আত্মহত্যার ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ইমন ও তার পরিবার এলাকা থেকে পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।