গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের দখল নিয়ে দুই পরিবারে চলছে দ্বন্দ্ব, মারামারি। ভূমিহীনকে দেয়া এ ঘর ভূমির মালিক হয়েও ছিনিয়ে নিতে চান অপর একজন। এ নিয়ে যেকোনো মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ ব্যাপারে মারধরের ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন হেনা বেগম নামে এক নারী।

গোপালগঞ্জের গোপীনাথপুরে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরকে কেন্দ্র করে ভূমিহীন হেনার সাথে ভূমিমালিক হাবিব শরিফের এ ঝগড়া।

অভিযোগে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়ার নিয়ম থাকলেও, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে স্বপ্নের নিবাস আশ্রয়ণ প্রকল্পের ৫০৪ নম্বর ঘরটি ভূমির মালিক হাবিব শরিফের নামে বরাদ্দ দেয়া হয়। গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার রাশেদুর রহমান বিষয়টি জানতে পেরে হাবিব শরিফের নামে ৫০৪ নম্বর ঘরের বরাদ্দ বাতিল করেন। পরে ১৩ ফেব্রুয়ারি ঘরটি ভূমিহীন জাফর শেখের স্ত্রী হেনা বেগমের নামে বরাদ্দ দেয়া হয়।

ওই ঘর থেকে হাবিব শরিফ বের হতে না চাইলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ দিয়ে তাকে ওই ঘর থেকে বের করে তালা মেরে দেয়া হয়। পরে হেনা বেগমকে ওই ঘরে ওঠার অনুমতি দেয়া হয়। ২৯ মার্চ বিকেলে হাবিব শরিফ ও তার ভাই রবিউল শরীফসহ ৮-১০ জন হেনা বেগমের ঘরের দরজার তালা ভেঙ্গে ওই ঘরে প্রবেশ করেন। হেনা বেগম বাড়িতে এসে বাধা দিতে গেলে তাকে কিল, ঘুষি, লাথি মেরে আহত করে হাবিব শরিফ। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হেনা বেগম।

গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের আইসি ছাব্বির রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু জানান, আশ্রয়ণ প্রকল্পের ৫০৪ নম্বর ঘর নিয়ে দুই পরিবারের বিরোধ মীমাংসার দায়িত্ব ইউপি মেম্বারদের দিয়েছি, আশা করি সমস্যার সমাধান হবে।
উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মণ্ডল বলেন, হাবিব শরিফের নামে ৫০৪ নম্বর ঘরটির বরাদ্দ বাতিল করে হেনা বেগমকে দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান জানান, ভূমিহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়া হচ্ছে। হাবিব শরিফের নামে জমির দলিল থাকায় ৫০৪ নম্বর ঘরের বরাদ্দ বাতিল করে হেনা বেগমের নামে বরাদ্দ দেয়া হয়। হাবিব শরিফের ওই ঘরে থাকার কোনো সুযোগ নেই।