নওগাঁর মহাদেবপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আদিজান বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর হ্যাংলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আদিজান বেওয়া খোর্দ্দকালনা গ্রামের মৃত খাদেমুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আদিজান বেওয়া কয়েক দিন আগে মেয়ের বাড়ি দেবীপুরে বেড়াতে আসেন। সকালে জামাই ইটভাটায় কাজে যান, মেয়ে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গেলে ফাঁকা বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।