ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় নিখোঁজের তিন দিন পর গাজীপুরের এক গৃহবধূ ও অভিভাবকের লাশের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ওই গৃহবধূর লাশ শনাক্ত করা হয় বলে নিশ্চিত করেন নিহতের ভাসুর (স্বামীর বড় ভাই) দুলাল মৃধা।

নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের আব্দুল ওহাব মৃধার স্ত্রী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ী ক্যাম্পাসের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির (৮) মা।

দুলাল মৃধা জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো ছেলে আফসান ওহিকে আনতে তার মা মাইলস্টোন স্কুলে যান। পরে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের কক্ষে আগুন লেগে গেলে অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা আফসানা প্রিয়া নিখোঁজ হয়ে পড়েন। পরে তিন দিন পর সিএমএইচ এ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত করা হয়।

এদিকে রাতেই লাশ আনতে ওই হাসপাতালে তার স্বজনরা যাচ্ছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর উপজেলা চাপার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ‘স্বজনরা আফসানা প্রিয়ার লাশ আনতে হাসপাতালে যাচ্ছেন। তাকে তার স্বামীর গ্রামের বাড়ি কালিয়াকৈরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’