সিলেট মহানগরীতে প্রায় এক কোটি টাকার ভারতীয় চোরাইপণ্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় বিভিন্ন ভারতীয় শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রিম জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার ভূঁইয়ার হাট পূর্বের বেড়ির চর ফয়েজ উদ্দীন এলাকার মো: আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ সাইফুল (২৪), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মাইনগর (পশ্চিম হাটি) এলাকার মো: নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার পশ্চিম খান বাড়ির দপদপিয়া এলাকার মো: আমির আলী খানের ছেলে মো: আলমগীর খান (৩৫)।
এসএমপি পুলিশের মিডিয়া অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম নয়া দিগন্তকে জানান, মঙ্গলবার সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে পুলিশি চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি পিকআপকে (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) সংকেত দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে পিকআপটি জব্দ করে। এ সময় পিকআপ থেকে বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা। পরে পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়।
তিনি বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে- ভারতীয় চোরাইপণ্যগুলো সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্য ছিল। এ চোরাচালানের সাথে আরো একজন সম্পৃক্ত রয়েছেন। ঘটনার শাহপরাণ (রহ.) থানায় করা এক মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’








