নতুন ভোটারের ছবি তুলে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হাসান (২০)। আর গুরুতর আহত সাগর ইসলাম বিরইল গ্রামের শাহিনের ছেলে। তিনি মোটরসাইল চালাচ্ছিলেন।

স্থানীয় ব্যক্তি রিদওয়ান জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর হাইস্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে পেছনে থাকা কামরুল ইসলাম শুভ ইসলাম ও হৃদয় হাসান ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান।

এ সময় মোটরসাইকেল চালক বিরইল গ্রামের শাহিনের ছেলে সাগর ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নিয়ে ওই এলাকায় গত চার দিনে সাতজনের প্রাণহানীর ঘটনা ঘটলো।